৭২০ ডিগ্রি তাপমাত্রার অ্যালুমিনিয়াম টাবে পড়েও বেঁচে গেলেন শ্রমিক!

৭২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অ্যালুমনিয়ামের টাবে পড়ার পর অলৌকিকভাবে বেঁচে গেছেন ২৫ বছরের এক শ্রমিক। তবে মারাত্মকভাবে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবারে সুইজারল্যান্ডের উত্তর-পূর্ব সেন্ট গ্যালেনের একটি কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

যে কারখানায় এই দুর্ঘটনা ঘটেছে সেই কারখানার কর্তৃপক্ষ জানিয়েছে, দুইজন বিদ্যুৎ শ্রমিক একটি চুল্লিতে কাজ করতে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত চুল্লির একটি খোলা অংশ দিয়ে ৭২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত একটি গলন্ত অ্যালুমিনিয়ামের টাবে পড়ে যান ২৫ বছর বয়সী এক শ্রমিক। দুর্ঘটনার শিকার শ্রমিক চুল্লির ওপরে কাজ করছিলেন । হঠাৎ করেই তিনি সেখান থেকে নিচে পড়ে যান।

গলন্ত অ্যালুমিনিয়ামের ভেতর ওই শ্রমিকের শরীরের হাটুর পর্যন্ত ডুবে গিয়েছিল। তবুও তিনি নিজেই নিজেকে বের করে নিয়ে আসতে সমর্থ হন।

দেহের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেলেও তিনি পুরোপুরি সেরে ওঠবেন বলে আশা করছেন ডাক্তাররা।

২০১৫ সালের এক গবেষণায় দেখা গেছে, গলিত অ্যালমুনিয়াম মানুষের অগ্নিদগ্ধ হওয়ার অন্যতম একটি কারণ। প্রায় ৬০ শতাংশ অগ্নিদদ্ধের ঘটনা ঘটে গলিত অ্যালমুনিয়াম ধাতুর জন্য।