রাজধানীর চকবাজার থানার খাজে দেওয়ান লেনের একটি বাসায় ঢুকে মনসুর আহমেদ (৭৮) নামে এক ব্যক্তিকে হত্যা করে স্বর্ণালংকার ও টাকা-পয়সা লুটের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে সারোয়ার আহমেদ জানান, খাজে দেওয়ান প্রথম লেনে তাদের ছয়তলা বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন তার বাবা ও মা। তারা অন্যান্য তলায় থাকেন। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে পরিবারের সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যান। তবে কিছুটা অসুস্থ থাকায় তার বাবা সেখানে যাননি। অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে বাড়িতে ফিরে দোতলার বাসার দরজা বন্ধ পান। ধাক্কা দিয়ে কক্ষের ভেতরে ঢুকে ফ্লোরে হাত-পা বাঁধা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার বাবাকে। আর রুমের জিনিসপত্র সব এলোমেলো। আলমারি, শোকেস, লকার সব তছনছ করা।
চকবাজার থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, ঘটনাটি তারা তদন্ত করে দেখছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিন ছেলে ও এক মেয়ের জনক মনসুর আহমেদ। স্থানীয় বাইতুন নুর জামে মসজিদের সভাপতি ছিলেন তিনি।