রণদা প্রসাদ সাহার জন্মজয়ন্তী

কুমুদিনী কমপ্লেক্সে দেশি-বিদেশিদের মিলনমেলা

কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দানবীর রণদা প্রসাদ সাহার ১২৬তম জন্মদিন টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী কমপ্লেক্সে দেশি-বিদেশি অতিথিদের পদচারণায় মুখর হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে কুমুদিনী কমপ্লেক্সে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে ভারত, অস্ট্রেলিয়া, ভুটান ও নেপালের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা অংশ নেন।

সন্ধ্যায় ভারতেশ্বরী হোমসে দানবীর রণদা প্রসাদ সাহা ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানের সঙ্গে সঙ্গে মোমবাতি প্রজ¦ালন করা হয়।

এর আগে হোমসের মাঠে অতিথিদের স্বাগত জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুর, ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনতসি, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রুহুল কুদ্দুছ প্রমুখ।