দিনাজপুরে আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১০ ঘর

দিনাজপুরের বীরগঞ্জে আগুনে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে গেছে।

শুক্রবার সন্ধ্যার পর উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের আশ্রয়ন প্রকল্পে (টিনের বাড়ি) এই ঘটনা ঘটে।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ধারণা, এই ঘটনায় আনুমানিক প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বীরগঞ্জ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ৯৯৯ থেকে ফোন কল পেয়ে তারা ঘটনাস্থলে যান। এই অগ্নিকাণ্ডে প্রথমে আগুন নেভাতে পার্শ্ববর্তী খানসামা ফায়ার সার্ভিস কাজ শুরু করে। পরে সেখানে উপস্থিত হয় বীরগঞ্জ ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মিরাজ আলী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আগেই খানাসামা ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করেছে। আমরা দুইটি ইউনিয়ট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এই ঘটনায় সেখানে মূলত একটি টিনের সেড তার ভেতরেই দশটি রুম, খড়ের পাঁচটি গাদা, একটি ছাগলসহ মোট ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি এই আগুনের সূত্রপাত বিড়ি সিগারেট থেকে হয়েছে। রাস্তার পাশেই যেহেতু খড়ের গাদা। কেউ হয়ত বিড়ি সিগারেট খেয়ে রাস্তায় ফেলে দিয়েছিল। সেখান থেকেই একে একে আগুন ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা বলেন, “আগুন লাগার সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। সেখানে যাদের তাদের মাঝে শুকনো খাবার ও ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। রাতে থাকার জন্য তাদের ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিষয়টি জানানো হয়েছে।”