রোনালদোর ইউনাইটেড অধ্যায় কি শেষের পথে?

কাতার বিশ্বকাপে অংশ নিতে এখন জাতীয় দলের সঙ্গে রয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। পর্তুগালকে বড় কিছু উপহার দেওয়াই হবে তার লক্ষ্য। তবে বিশ্বকাপের ডামাডোলের মাঝে রোনালদোর ক্লাব ক্যারিয়ার নিয়ে বড় একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেডে সিআর সেভেনের আর ফেরা হবে কিনা, চলছে সেই আলোচনাই।

বিশ্বকাপ খেলতে কাতারে পাড়ি দেওয়ার আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেন রোনালদো। এর প্রেক্ষিতে রোনালদোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইংলিশ ক্লাবটি।

কয়েক দিন আগে পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ইউনাইটেডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রোনালদো। পাশাপাশি ক্লাবের মালিক গ্লেজার পরিবার এবং কোচ এরিক টেন হাগের কড়া সমালোচনা করেন।

ইউনাইটেড জানিয়েছে, রোনালদোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। আর ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর, পর্তুগিজ তারকার সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে ইউনাইটেড।

ইউনাইটেডের সঙ্গে রোনালদোর সম্পর্ক ভালো যাচ্ছে না বেশ কিছু দিন ধরেই। গ্রীষ্মকালীন দল বদলে তিনি অন্য কোথাও পাড়ি দিতে পারেন বলেও আলোচনা চলছিল। যদিও শেষ পর্যন্ত তখন আর ইউনাইটেড ছাড়েননি, তবে সামনে কি হয় সেটা বড় প্রশ্ন।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সময়ও রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়া নিয়ে জোর গুঞ্জন চলছিল। বিশ্বকাপের পরই তিনি রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছিলেন জুভেন্তাসে। গত বছর ফেরেন পুরোনো ক্লাব ইউনাইটেড। এবার রোনালদো কাতার বিশ্বকাপেও গেছেন ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে এক রাশ ধোঁয়াশা রেখে।