বহু প্রতিবন্ধকতা পেরিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন। তারা যাতে দিনের আলোতে নিরিবিলি নিজ নিজ গন্তব্যে যেতে পারেন সে কারণে বিভাগীয় সমাবেশগুলো নির্ধারিত সময়ের আগেই শুরু করছে সমাবেশগুলোর দায়িত্বপ্রাপ্ত নেতারা।
আজ শনিবার দুপুর ২টায় গণসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তিন ঘণ্টা আগে বেলা ১১টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। প্রথমে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মঞ্চে বক্তব্য দেন। এরপর পর্যায়ক্রমে জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন। সিলেটে কেন্দ্রীয় জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, 'সমাবেশের আগে পরিবহন ধর্মঘট ডাকায় গত বৃহস্পতিবার সকাল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন। সমাবেশস্থলে একাধিক বুথ স্থাপন করা যায়। এসব বুথে খাওয়া-দাওয়া দেওয়া হয়। কেউ কেউ নিজস্ব বুথে ঘুমান। নেতাকর্মীরা পিকনিকের আমেজে থাকেন। জেলা শহরের নেতাকর্মীরা আসেন সমাবেশের দিন। নগরীর বিভিন্ন জেলা-উপজেলা থেকে প্ল্যাকার্ড, ব্যানার এবং ধানের শীষ নিয়ে বড় বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে নেতাকর্মীরা।'
সিলেটের পর আগামী ২৬ নভেম্বর কুমিল্লায়, ৩ ডিসেম্বর রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। সর্বশেষ ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।