রাজধানীর খিলগাঁওয়ে বালু নদী থেকে শরীরের সঙ্গে পাথরবোঝাই বস্তা বাঁধা অজ্ঞাতপরিচয় একজনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
ঢাকা অঞ্চলের ডেমরা রাজাখালি নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. আসাদুজ্জামান জানান, খিলগাঁও কায়েতপাড়া বাজারসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রায় ৪৫ কেজি (টুকরো) ওজনের পাথরবোঝাই একটি প্লাস্টিকের বস্তা নাইলনের রশি দিয়ে লাশের সঙ্গে বাঁধা ছিল। তিনি বলেন, ‘মরদেহ আংশিক পচে ফুলে গেছে।
সিআইডি তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করেছিল। তবে আঙুলের ছাপ নেওয়া সম্ভব হয়নি। তার পরনে ছিল হালকা সবুজ রঙের ফুলহাতা গেঞ্জি। শরীরের নিচের অংশে কোনো পোশাক ছিল না।’