বজলু মেম্বারের বিরুদ্ধে ৩ মামলা আজ রিমান্ড শুনানি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তির (চনপাড়া পুনর্বাসন কেন্দ্র) মাদক সম্রাটখ্যাত বজলুর রহমান ওরফে বজলু মেম্বারকে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, জাল টাকা ও বিদেশি মুদ্রা রাখার অভিযোগে তিনটি মামলা করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে র‌্যাব-১-এর নায়েব সুবেদার মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাগুলো করেন।

নারায়ণগঞ্জ জেলা আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, এ নিয়ে বজলুর রহমানের বিরুদ্ধে মোট ২৬টি মামলা হলো। শুক্রবার হওয়া তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রতিটি মামলায় ৭ দিন করে মোট ২১ দিনের রিমান্ড আবেদন করে গতকাল তাকে আদালতে পাঠায় পুলিশ। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনের দুটি মামলায় ৭ দিন করে ১৪ দিন এবং জাল টাকা ও বিদেশি মুদ্রা রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের আরেকটি মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আজ রবিবার রিমান্ড আবেদনের শুনানি হবে।

এর আগে র‌্যাবের ওপর হামলার মামলায় গত বৃহস্পতিবার বজলুর রহমানকে গ্রেপ্তারের পর শুক্রবার রূপগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব। পরে থানা পুলিশ তাকে আদালতে হাজির করে।