বিয়ের তিন মাসের মাথায় মিতু ফকির (২৫) নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে রাজধানীর শ্যামপুর থানা এলাকার করিমুল্লাহবাগ ইস্টার্ন হাউজিংয়ের বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিতুর বাবার করা মামলায় তার স্বামী মিরাজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আইনজীবী মিতুর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
শ্যামপুর থানার ওসি মফিজুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘মিতুর মৃত্যুর ঘটনায় তার বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেছেন। সেই মামলায় মিতুর স্বামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। তার স্বামীর দাবি, বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ কারণে মিতু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
মিতু একটি বেসরকারি বিশ^বিদ্যালয় থেকে আইন বিভাগে লেখাপড়া করেছেন। তারা স্বামী-স্ত্রী দুজনই আইনজীবী ছিলেন। মিতুর বাড়ি মাদারীপুর জেলায়।