নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল ফাটিয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন্দর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোসাদ্দেক আলী আঙ্গুর জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বন্দর থানার কবিলের মোড় এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যলয়ে তিনজন মুখোশধারী দুষ্কৃতকারী প্রবেশ করে। তারা কার্যালয়ের আসবাবপত্র, চেয়ারসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হতে শুরু করলে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কৌশলে পালিয়ে যায়। ওই সময় আওয়ামী লীগ কার্যালয়ে রাস্তার বিপরীতে মহানগর বিএনপি নেতা ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাসভবনে স্থানীয় বিএনপির প্রস্তুতিমূলক সভা চলছিল।
এদিকে মহানগর বিএনপির সহসভাপতি আতাউর রহমান মুকুল বলেন, বিএনপি নেতাকর্মীরা কি এতই পাগল যে, এই মুহূর্তে আওয়ামী লীগ অফিসে হামলা করবে। ১০ ডিসেম্বরের সমাবেশকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করতেই এই নাটক সাজানো হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর ছিদ্দিক জানান, আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ২৪ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। তাৎক্ষণিকভাবে নুর মোহাম্মদ পনেছ, আজহার হোসেন বুলবুল, রাজীবসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।