আজ থেকে কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের বড় আসর 'ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২'। পুরে বিশ্ব তাকিয়ে থাকবে সেদিকে। দেশের তারকারাও মজেছেন বিশ্বকাপ জ্বরে। ঢাকাই চলচ্চিত্রের ড্যাশিং হিরো জায়েদ খানও হাজির এই আনন্দ উৎসবে।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এই সাবেক সাধারণ সম্পাদক মামলা, হামলা, ঝামেলায় আছেন একটু আড়ালে। সোস্যাল মিডিয়ায় সরব তিনি৷ মাঝেমাঝে চলে কৌতুক, তার ভক্ত সংখ্যা নিয়ে। সিনেমা মুক্তি পেলে হাতে গোনা দর্শক আসে হলে। তাই বলে এটাই তার চূড়ান্ত ভক্ত সংখ্যা নয়, দাবি করেন জায়েদ।
তার দাবি মিথ্যে নয়৷ সোশ্যাল মিডিয়ায় হঠাৎ যেন ভক্ত বেড়ে গেছে এ নায়কের!
সম্প্রতি জায়েদ খান একটি পোস্ট করেছেন। তাতে তিন হাজারের বেশি লাইক, কমেন্ট, লাভ রিয়েক্ট পেয়েছেন। বোঝাই যাচ্ছে এই নায়কের ভক্ত অনুসারী কম নয়। তবে অনেকেই তা মানতে নারাজ।
যদিও জায়েদ খান বিশ্বকাপে আর্জেন্টিনার সমর্থক। ফুটবল হাতে মেসির দলের জার্সি পরে ছবি দেয়ায় সেটি বেশ সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।
ক্যাপশনে তিনি লিখেছেন, 'আর্জেন্টিনার জন্য শুভ কামনা।ছোটবেলা থেকেই ম্যারাডোনার কারনে এই দলের প্রতি ভালোবাসা।এই দলের জার্সি ছাড়া কোন দলের জার্সি কখনও গায়েও দেইনি।এইবারের বিশ্বকাপে সুন্দর খেলা উপহার দিবে এটাই প্রত্যাশা।'
এই পোস্টের নিচে ভক্ত-অনুসারীরা শুভেচ্ছা জানাচ্ছেন জায়েদ খান ও তার প্রিয় দলের জন্য।
তবে সোশ্যাল মিডিয়ার এই ভক্ত-অনুরাগীরা যদি জায়েদের সিনেমা দেখতে হলে আসতেন তবে নায়কের ক্যারিয়ারটা অন্যরকম হতে পারতো বলে দাবি করেন অনেকেই।