সরকারি হাসপাতালের আইসিইউতে গরু ঘুরে বেড়াচ্ছে। আশপাশে ছড়িয়ে থাকা ময়লা আবর্জনাগুলোও খাচ্ছে। এমনই এক ঘটনার ভিডিও প্রকাশ্যে আসায় শোরগোল পড়ে গিয়েছে ভারতের মধ্যপ্রদেশের রাজগড়ে।
দাবি করা হচ্ছে, ঘটনাটি রাজগড়ের জেলা হাসপাতালের। আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেন হাসপাতাল কর্তৃপক্ষ। তড়িঘড়ি হাসপাতালের নিরাপত্তারক্ষী এবং আইসিইউর দায়িত্বে থাকা কর্মীকে সাসপেন্ড করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, কীভাবে গরু হাসপাতালের ভেতরে ঢুকে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ উঠেছে, আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর ঘটনা জানাজানি হওয়ার পরেও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে নিরাপত্তারক্ষী এসে গরুটিকে হাসপাতালের বাইরে বের করেন। হাসপাতালের শল্য চিকিৎসক রাজেন্দ্র কাটারিয়া এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আইসিইউতে গরু ঘুরে বেড়ানোর খবর পাওয়ার পরই পদক্ষেপ নেওয়া হয়েছে। দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীকে কর্তব্যের গাফিলতির জন্য সাসপেন্ড করা হয়েছে।’
আইসিইউ ওয়ার্ডে গরু ঢুকে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে চাঞ্চল্য ছড়ায়। রোগীর আত্মীয়রা হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, হাসপাতালের যত্রতত্র নোংরা পড়ে থাকে। বার বার জানানো সত্ত্বেও কোনও লাভ হয়নি। এ বার গরু ঢুকে পড়ায় রোগীর আত্মীয়রা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।
দেশ রূপান্তরের বিশ্বকাপ চমক: কুইজে অংশ নিয়ে রূপায়নের ফ্ল্যাট জিতুন