মুন্সীগঞ্জে একাধিক মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

অবৈধ কারেন্ট জাল উদ্ধারের ঘটনায় দায়ের করা একাধিক মামলায় মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে কারাগারে পাঠানো হয়েছে। একই মামলায় মোশারফ হোসেন নামে আরেকজনকেও কারাগারে পাঠানো হয়।

রবিবার বেলা ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইউপি চেয়ারম্যানসহ ২ জন আত্মসমর্পন করেন। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম জানান, মৎস্য সংরক্ষণ আইনে দায়ের করা ৫ মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

প্রসঙ্গত গেল ২৮ আগস্ট ও ৭ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার মালিকানাধীন পঞ্চসারের গোসাইবাগ এলাকার জিএম কর্পোরেশন ও ডিঙ্গাভাঙ্গা এলাকায় সওবান ফ্যাক্টরিতে পৃথক অভিযানে ২ কোটি ৫১ লাখ কোটি মিটার ও ১ কোটি ৭ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধারের ঘটনায় নৌ-পুলিশ সদর থানায় পৃথক ৪টি মামলা দায়ের করেন। অপর একটি মামলা দায়ের করে কোস্টগার্ড।