নাটোরে বিএনপি কার্যালয় থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

নাটোরের লালপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এ সময় কার্যালয় সামনে থেকে ৫টি ককটেল সাদৃশ্য বস্তু ও ২টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে।

শনিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গোপালপুর বাজারে পৌর ও উপজেলা বিএনপির কার্যালয় সামনে থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

পৌর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন জানান, নাশকতা সৃষ্টির জন্যেই বিএনপির সন্ত্রাসীরা তাদের কার্যালয়ে এই পেট্রোল বোমা এবং ককটেল রেখেছিল, পুলিশ তা উদ্ধার করে।

পৌর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ কর্মী সমর্থকরা দু’দফায় বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং ককটেল ও পেট্রোল বোমা রেখে যায়। গত ১৭ নভেম্বর প্রথম দফায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। শনিবারও তারা হামলা চালিয়ে ভাঙচুর করার পর বোমাগুলো কার্যালয়ের সামনে রেখে পুলিশে খবর দেয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনোয়ারুজ্জামান জানান, পুলিশ খবর পেয়ে বিএনপি কার্যালয়ের সামনে থেকে পেট্রোল বোমা ও ককটেল সাদৃশ্য বস্তগুলো উদ্ধার করেছে। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।