মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব আদালত প্রাঙ্গণ থেকে পালানোর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। গঠিত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২০ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন- ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস), যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস), যুগ্ম পুলিশ কমিশনার (সিটিটিসি), উপ-পুলিশ কমিশনার (লালবাগ) ও অতি. উপ-পুলিশ কমিশনার (সিআরও)।
এর আগে, দুপুরে পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে ফিল্মি কায়দায় প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেএমবির দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন- দুটি মোটরসাইকেলে করে চারজন এসে আসামি ছিনিয়ে নেয়।
জানা গেছে, রোববার ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাদের হাজিরা ছিল। হাজিরা শেষে তাদের হাজতখানায় নেওয়ার পথে এ ঘটনা ঘটে।