ছুরিকাহত যশোর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ওরফে বুনো আসাদের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বাড়ি যশোর শহরের বেজপাড়া বনানী রোডে।
আসাদুজ্জামান আসাদের ছোট ভাই সাইদুর রহমান বিষয়টি নিশ্চত করে জানান, গত ৮ অক্টোবর রাতে শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড়ে তার ভাইকে ছুরিকাঘাত করে চিহ্নিত সন্ত্রাসীরা। তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। আজ (সোমবার) বেলা ১২টার দিকে তাকে অপারেশন করার সময় তিনি মারা যান।
সাইদুর রহমান বলেন, ছুরিকাঘাতের ঘটনায় তিনি বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। আসামিরা হলো- বেজপাড়া কবরস্থান সড়কের একাধিক মামলার আসামি হাসান ওরফে খাবড়ি হাসান, আকাশ, চঞ্চল ও বিপ্লব।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, আসাদ মারা যাবার ঘটনাটি জানা নেই। ইতিমধ্যে পুলিশ এই মামলার এজাহারভুক্ত আসামি খাবড়ি হাসানকে আটক করেছে। অন্যদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, বুনো আসাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।