তিতের কণ্ঠে গুস্তাভোর প্রশংসা

কাতারকে হারিয়ে বিশ্ব মঞ্চে নিজের অভিষেকটাও রাঙালেন দলটির কোচ গুস্তাভো আলফারো। এমন পারফরম্যান্সের জন্য ইকুয়েডর ও কোচের প্রশংসা করলেন ব্রাজিলের কোচ তিতে।

এবারের বিশ্ব মঞ্চে জায়গা পাওয়া নিয়ে একটা সময় শঙ্কায় ছিল ইকুয়েডর। বাছাই পর্বে বায়রন কাস্তিয়োকে খেলিয়ে বড় ধরনের ঝামেলায় পড়েছিল তারা। ১৯৯৫ সালে কলম্বিয়ার টুমাকোয় জন্ম কাস্তিয়োর; গত মে মাসে এমন তথ্য দেখিয়ে ‘অযোগ্য খেলোয়াড়’ খেলানোয় ইকুয়েডরকে বিশ্বকাপে বাতিল করার দাবি করেছিল চিলি। তবে ফিফা ও ক্রীড়ার সর্বোচ্চ আদালত চিলির আবেদন নাকচ করে দিলে স্বস্তি পায় ইকুয়েডর।

অন্য শাস্তি অবশ্য পেতে হয়েছে ইকুয়েডরকে। ‘মিথ্যা তথ্য সম্বলিত একটি নথি ব্যবহারের জন্য’ ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুতে তাদের ৩ পয়েন্ট কাটা হবে। এছাড়া দেশটিকে ১ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করে দা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)।

এতো কিছুর পরও অবশ্য বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জ্বলে উঠেছে ইকুয়েডর। তিতে কৃতিত্ব দিলেন কোচ আলফারোকে, ‘আমরা ইতোমধ্যেই একুয়েডরের মান সম্পর্কে জানি। সে (গুস্তাভো) দারুণ একটি ম্যাচ খেলেছে। ইকুয়েডর চমৎকার একটি দল।’

আলফারো ও তিতের মধ্যে ভালো একটি সম্পর্ক রয়েছে। ২০২১ সালের কোপা আমেরিকার ইকুয়েডর ও ব্রাজিলের লড়াই ১-১ গোলে ড্র হয়। ম্যাচের পর তিতের সঙ্গে কয়েক মিনিট কথা বলেন আলফারো। সেখানে তাকে তিতের স্তুতি করতে শোনা যায়, ‘আপনি শেষ পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন, আমি আপনাকে যা বলেছি তা মনে রাখবেন। আপনি এই মর্যাদার যোগ্য।’