দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব আদালত প্রাঙ্গণ থেকে পালানোর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মনজুর রহমান।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অডিট) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্য সচিব করা হয়েছে অতিরিক্ত ডিআইজি (ক্রাইম মেট্রো) মো. হাসানুজ্জামানকে এবং কমিটির বাকি সদস্যরা হলেন সিটিটিসির ড. এএইচএম কামরুজ্জামান ও সিআইডির বিশেষ পুলিশ সুপার (মেট্রো সাউথ) মো. আনিসুর রহমান।

এআইজি মনজুর রহমান বলেন, আসামি ছিনতাইয়ের ঘটনায় রোববার রাতেই চার সদস্যের কমিটি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এর আগে, এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

রোববার (২০ নভেম্বর) দুপুরে পুরান ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে ফিল্মি কায়দায় প্রকাশক ফয়সল আরেফিন দীপন ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেএমবির দুই সদস্যকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন- দুটি মোটরসাইকেলে করে চারজন এসে আসামি ছিনিয়ে নেয়।

জানা গেছে, রোববার ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাদের হাজিরা ছিল। হাজিরা শেষে তাদের হাজতখানায় নেওয়ার পথে এ ঘটনা ঘটে।