দুর্নীতি-লুটপাটে অর্থনীতি লণ্ডভণ্ড করে দিয়েছে আ. লীগ: প্রিন্স

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ১৪ বছর ভোটের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ অগণতান্ত্রিক শাসন কায়েম করেছে। দুর্নীতি, লুটপাট করে অর্থনীতি লণ্ডভণ্ড করে দিয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার হরণ করে তারা চরম দুঃশাসন কায়েম করেছে। এই দুঃশাসনের যাতাকলে মানুষ পিষ্ট হচ্ছে। 

তিনি বলেন, দেশ পরিচালনায় আওয়ামী সরকারের লাইসেন্স নাই। ১৪ ও ১৮ সালের নির্বাচনসহ এই সরকারের আমলে কোন নির্বাচনেই জনগণ ভোট দিতে পারে নাই। লাইসেন্সবিহীন এই সরকার দেশকে খাদের কিনারে নিয়ে গিয়েছে।

এমরান সালেহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সালকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের কথা উল্লেখ করে বলেন, সরকার এতটাই অমানবিক ও নিষ্ঠুর যে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালেও বিএনপি নেতাকর্মীদের আটক করা হচ্ছে। সরকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না, বিএনপি অসহায় মানুষের পাশে আছে। সকল নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি করায় জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এদিকে সরকারের দৃষ্টি নাই, তারা ব্যস্ত বিএনপিকে ও আন্দোলন দমন করতে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার জিয়া পরিবারকে ভয় পায়। সে কারণেই তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় ফরমায়েসি রায় দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করছে। তিনি বলেন, শত ষড়যন্ত্র করেও তারেক রহমানকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে না।

জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড.দিদারুল ইসলাম রাজুর সঞ্চালনায় নগরীর গ্ঙ্গাদাস গুহ রোডে সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেনের বাসভবন চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু বক্তব্য রাখেন।