বেনাপোলে ২০টি স্বর্ণের বার জব্দ

ভারতে পাচারের সময় বেনাপোলের শিকারপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বার জব্দ  করেছে বিজিবি সদস্যরা।

গতকাল সোমবার সকালে একটি সরিষা ক্ষেতের মধ্য থেকে ২.৩৩০ কেজি ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়।

বিজিবি জানায়, শিকারপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হয়ে  ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল সেখানে অবস্থান নেয়। এ সময় তারিকুল ইসলাম তারেক নামে একজন ধাওয়া দিলে সে একটি কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ২.৩৩০ কেজি ওজনের ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দকৃত স্বর্ণের মূল্য ২ কোটি ১৮ লাখ টাকা বলে বিজিবি জানায়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ভারতে পাচারের সময় শিকারপুর সীমান্ত থেকে বিজিবির সদস্যরা  ২.৩৩০ কেজি ওজনের ২০টি স্বর্ণের বার জব্দ করেছে। তবে পাচারকারী তারিকুল ইসলাম তারেক পালিয়ে যায় ভারতে। এ ঘটনায় মামলা হয়েছে থানায়।