দলের কর্মীদের মারের ভয়ে পালাচ্ছেন নেতা, ভিডিও ভাইরাল

ভারতের দিল্লিতে আম আদমি পার্টির বিধায়ককে মারধর করলেন খোদ দলের কর্মীরাই। এসময় প্রাণ বাঁচাতে দলীয় কার্যালয় থেকে ছুটে পালালেন সেই বিধায়ক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

বিরোধীদের দাবি, শাসকদলের দুর্নীতি মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছে গিয়েছে। ফলে নিজের দলের কর্মীদের কাছেই মার খেতে হচ্ছে নেতাকে।

তবে, ভাইরাল ভিডিও’র সত্যতা যাচাই করতে পারেনি আনন্দবাজার অনলাইন। 

ভিডিওতে দেখা যাচ্ছে, দলীয় কার্যালয়ে কর্মীদের মাঝে বসে আছেন আম আদমি পার্টির নেতা তথা মাটিয়ালা কেন্দ্রের বিধায়ক গুলাব সিংহ যাদব। তাকে ঘিরে কার্যালয়ে উপস্থিত ছিলেন আরও অনেকে। কর্মীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল।

কর্মীদের বাকবিতণ্ডার চলছিল। এমন সময় বিধায়কের দিকে তেড়ে আসছেন কর্মীদের একাংশ। তিনি চেয়ার ছেড়ে উঠে পড়েন। বেগতিক বুঝে কার্যালয় থেকে বেরিয়ে যান। তার পিছনে ধাওয়া করেন অন্যরা। কেউ কেউ মারমুখী কর্মীদের থেকে বিধায়ককে আড়াল করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এর মধ্যে বেশ কয়েক বার মার খান গুলাব। এক সময় তিনি ছুটতে শুরু করেন।

এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পরেই রাতারাতি ভাইরাল। বিজেপি নেতা সম্বিত পাত্র ভিডিওটি টুইট করে লিখেছেন, একটি দলের 'সৎ রাজনীতি'র নাটকের কিছু দৃশ্য। আপের দুর্নীতি এমনই যে, দলের কর্মীরাই বিধায়কের ওপর ক্ষেপে গিয়েছেন।

এদিকে বিজেপির দাবি উড়িয়ে দিয়ে গুলাব বলেছেন, বিজেপির লোকজন দলীয় কার্যালয়ে গিয়ে তার ওপর হামলা করেছেন।

এ বিষয়ে তিনি থানায় অভিযোগও দায়ের করেছেন। দাবি, আক্রমণকারীদের বাঁচাতে থানায় বিজেপি কর্মী সমর্থকরা গিয়েছিলেন। তার ওপর হামলা যে বিজেপির চক্রান্ত, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ।