একটু পর (বিকেল ৪টায়) শুরু হবে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের খেলা। গোটা বিশ্ব সেদিকেই তাকিয়ে আছেন। কোন দল জিতবে অনেকের মনে নানা প্রশ্ন আর উন্মাদনা দেখা গেছে বাংলাদেশের নায়ক-নায়িকা থেকে শুরু করে সকল তারকারা।
কাতার বিশ্বকাপ শুরু হয়েছে দুই দিন আগেই। আজ মঙ্গলবার (২২ নভেম্বর)। এদিনই যে বিকাল ৪টায় মাঠে নামছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দলের প্রথম প্রতিপক্ষ সৌদি আরব। তবে আজ থেকেই বাংলাদেশের ফুটবলপ্রেমীর বড় একটা অংশের বিশ্বকাপ শুরু হল।
নিঃসন্দেহে এবারের আসরের সবচেয়ে জনপ্রিয় ও ফেবারিট দল আর্জেন্টিনা। তাই বিশ্বকাপের উত্তেজনা বিরাজ করছে এফডিসিতেও।
সেই বিবেচনা করেই আজ আর্জেন্টিনার ম্যাচ দিয়ে বড় পর্দায় বিশ্বকাপ দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির কার্যালয়ের সামনের খোলা মাঠে দেখা যাবে বিশ্বকাপের সবগুলো খেলা।
সমিতির সহ সাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আর্জেন্টিনার ম্যাচ দিয়ে আমরা প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় বিশ্বকাপ খেলার দেখার আয়োজন শুরু করছি। আজ থেকে প্রতিদিন খেলা দেখা যাবে। তবে রাত ১টা ৪৫ মিনিটে শুধু আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলাগুলো দেখা যাবে। নিরাপত্তা ও অফিস স্টাফদের বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
তিনি আরও জানান, প্রতিদিন চলচ্চিত্র শিল্পীসহ চলচ্চিত্রের কর্মীরা এখানে খেলা দেখার সুযোগ পাবেন।
শিল্পী সমিতির ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক চিত্রনায়ক মামনুন ইমন বলেন, 'বিশ্বকাপের উত্তেজনা চলচ্চিত্রেও বিরাজমান। আমি আর্জেন্টিনার সমর্থক। আমাদের সাধারণ সম্পাদক নিপুণও মেসিভক্ত। আরও অনেকেই আছেন যারা ভিন্ন ভিন্ন দল করেন। সবাই চেষ্টা করব কাজের ফাঁকে খেলা উপভোগ করতে।
চলচ্চিত্রকর্মীরা সবাই মিলে একটু আনন্দ উৎসবে খেলা দেখার সুযোগ পেতেই আমরা খেলা দেখানোর আয়োজন করেছি।'