নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বাদী হয়ে গত রবিবার (২০ নভেম্বর) রাতে মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টিটু, ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক জাহিদ হাসান রোজেল, বিএনপি নেতা নজরুল ইসলাম পান্না মোল্লা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি পারভেজ মল্লিক, সদর থানা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক লিংরাজ খান, ছাত্র দল নেতা আতা ই রাব্বি, শাহাদাত, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, মনিরুজ্জামান
মুন্না, রিশিকেষ মন্ডল, মাহাবুব আলম, আবু বখতিয়ার সোহাগ, আহম্মেদ, ওলি ওরফে খোকন, মুসলিম, ইসলাম, হেদায়েত উল্লাহ, খোকন, তানভীর, সেলিম ওরফে আঙুল কাটা সেলিম, সোয়াদ, আরহাম, নিহান, মজিবর, শহিদুল মল্লিক, জয়নাল মল্লিক, ইফতেখার আহম্মেদ রাজু, ফয়সাল আহম্মেদ শান্ত, রাকিব আহম্মেদ রিয়াদ, ফাহাদ, শাহাদাত হোসেন, মো. ইসহাক, আব্দুল কাদের জিলানীসহ অজ্ঞাতনামা ২৫০ জন।
ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানায়, রবিবার (২০ নভেম্বর) একটি মামলায় ঢাকার কারাগার থেকে নারায়ণগঞ্জ আদালতে নিয়ে আসা হয়েছিল সাবেক ছাত্রদল নেতা শীর্ষ সন্ত্রাসী জাকির খানকে। দুপুরে তাকে হাজিরা শেষে ঢাকায় নিয়ে যাওয়ার পথে বিএনপির ২ থেকে ৩ শ নেতাকর্মী ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জেলা পরিষদের সামনে রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টিসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে এবং টায়ারে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে চলে যায়। ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।