টাঙ্গাইলে বিএনপির প্রস্তুতি সভা শেষে ১২ নেতাকর্মী গ্রেপ্তার

১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ সফল করার লক্ষ্যে আয়োজিত টাঙ্গাইল জেলা বিএনপির প্রস্তুতি সভা শেষে ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে মামলা করাসহ মঙ্গলবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, নাগরপুর উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ, টাঙ্গাইল পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, জেলা যুবদল নেতা হেলাল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ আছেন।

গত সোমবার বিকেলে শহরের ফুলি কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ বানচাল করতে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে পুলিশ। এটি খুবই দুঃখজনক। টাঙ্গাইল থেকে কমপক্ষে ২৫ হাজার নেতাকর্মী ঢাকার গণসমাবেশে যাবে বলেও জানান তিনি।