ঢাকা সেনানিবাসে সংবর্ধনা ও পদক প্রদান সেনাপ্রধানের

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে’ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনাকর্মকর্তা ও সেনাসদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ২০২১ ও ২০২২ সালে শান্তিকালীন দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগ, প্রশংসনীয় ভূমিকা পালন ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘অসামান্য সেবা পদক’ (ওএসপি) প্রাপ্ত ১০ জন এবং ‘বিশিষ্ট সেবা পদক’ (বিএসপি) অর্জনকারী ২০ জনসহ মোট ৩০ জন সেনাকর্মকর্তা ও সেনাসদস্যকে পদকে ভূষিত করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের নিকটাত্মীয়ের সঙ্গে কুশলাদি বিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। পরে তিনি শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। আইএসপিআর