চার বারের চ্যাম্পিয়ন জার্মানির সামনে জাপান

চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে বুধবার। প্রতিপক্ষ জাপান।

আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মাঠে নামবে জার্মানি-জাপান।

রাশিয়ায় অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল জার্মানি। এবার সেই পুনরাবৃত্তি চাইবে না হান্সি ফ্লিকের দল।

বিশ্বকাপের মঞ্চে জার্মানি ও জাপানের প্রথম সাক্ষাৎ হচ্ছে। খালি চোখে জার্মানরা অবশ্যই ফেভারিট। তবে ফুটবলে কাগজে-কলমের হিসাব মাঠে আনা বৃথা। গতবার এশিয়ান এক দল দক্ষিণ কোরিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে জার্মানি। এবার শুরুতেই আরেক এশিয়ান শক্তি।

রাশিয়ায় প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়ে চরম লজ্জায় পড়েছিল সেবারের বর্তমান চ্যাম্পিয়নরা। দলটি ১৯৩৮ বিশ্বকাপের পর ৮৪ বছরে একবারও প্রথম রাউন্ড থেকে ছিটকে যায়নি। মাঝে ১৯৫০ বিশ্বকাপে সুযোগ পায়নি দলটি। ওই আসরের পর প্রতি বার গ্রুপ পর্ব পার হয়েছিল জার্মানরা। তা ছাড়া গত ২০১৮’র আগের ৫ আসরে অন্তত সেমিফাইনালে খেলার গৌরবও আছে। এমন দলটিকে বিশাল লজ্জায় পড়তে হয় গতবার। এবারের বিশ্বকাপে লজ্জার অতীতটা কাটাতে চায় জার্মানি।