দুধ দিয়ে গোসল করে পক্ষ ত্যাগ করলেন আর্জেন্টিনার ঘোর সমর্থক আসিফ!

কুড়িগ্রামে অভিমান আর ক্ষোভে ৩ কেজি গাভীর দুধ দিয়ে গোসল করে দল সাপোর্ট করা থেকে সরে এলেন আর্জেন্টিনার ঘোর সমর্থক আসিফ (২৬)। তিনি কুড়িগ্রাম পৌর শহরের চর কুড়িগ্রাম সিঅ্যান্ডবি মোড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে শহরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল পর্যন্ত আসিফ আর্জেন্টিনার এক কট্টর সমর্থক ছিলেন। বিশ্বকাপ ফুটবল এলেই প্রিয়দল আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসায় বাড়িতে আর্জেন্টিনার পতাকা, গায়ে জার্সি পরে এলাকায় ঘুরতেন। প্রিয় দলের সমর্থকদের বিভিন্নভাবে উৎসাহ যোগাতেন। গতকালও তার ব্যতিক্রম ছিল না। কাঙ্ক্ষিত দল জিতবে বলে আর্জেন্টিনার খেলা দেখতে প্রজেক্টরের সামনে বসে ছিলেন তিনি। শেষ পর্যন্ত প্রিয়দল হেরে যাওয়ায় আশাহত হয়ে সবার সামনে দলের প্রতি অনীহা প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে আজীবনের জন্য 'আর সাপোর্ট করবেন না' বলে জানান তিনি। 
এ ঘটনার দেড় মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে আসিফকে নিয়ে এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে আলোচনার ঝড় ওঠে।

আসিফ জানান, আমার বোধ হওয়ার পর থেকে আর্জেন্টিনার সাপোর্ট করে আসছি। মনেপ্রাণে আর্জেন্টিনাকে ভালোবাসি। আমার এ বয়সে জানামতে আর্জেন্টিনা বিশ্বকাপ ট্রফি নিতে পারেনি। বড় দলের সাপোর্টার হয়ে প্রতিবারেই লজ্জায় পড়েছি। তাই সিদ্ধান্ত নিলাম, যতদিন বেঁচে থাকব আর কখনো আর্জেন্টিনার সাপোর্ট করব না।

আর্জেন্টিনার সাপোর্ট পরিবর্তন করে অন্যদলের সাপোর্ট করা বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, অন্যদলের সাপোর্ট নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি। তবে এবার থেকে দলগুলোর খেলা দেখে বুঝে শুনে সাপোর্টার হব। যাতে এত বড় লজ্জায় না পড়তে না হয়।