কাতার সফরে গেছেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল বুধবার কাতার সশস্ত্র বাহিনীর বিশেষ আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে সে দেশে গেছেন। সফরকালে তিনি কাতার সেনাবাহিনীর আমিরি গার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে সাক্ষাৎকালে আলোচনা করা হবে। সেনাপ্রধান পরে কাতার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। এ ছাড়াও কাতার সশস্ত্র বাহিনীর আমন্ত্রিত দর্শক হিসেবে তিনি সে দেশে চলমান বিশ্বকাপ ফুটবল খেলা দেখবেন।

সফর শেষে সেনাবাহিনীপ্রধান আগামী ২৭ নভেম্বর কাতার থেকে দেশে ফিরবেন।