ভোলায় স্কুলে আগুন, আহত ২০

ভোলার চরফ্যাশন উপজেলার চরফ্যাশন সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বিদ্যালয় ভবনের দ্বিতীয় তলায় আটকেপড়া শিক্ষার্থীদের উদ্ধারের সময় তারা আহত হয়।

বিদ্যালয় কর্র্তৃপক্ষ জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালে বিদ্যালয়ের সিঁড়ির পাশের বৈদ্যুতিক মিটার থেকে আগুন লাগে। এ সময় পুরো বিদ্যালয় ধোঁয়ায় ছেয়ে যায় এবং শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চরফ্যাশন ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহযোগিতায় স্কুল ভবনের দোতলার বারান্দার গ্রিল ভেঙে শিক্ষার্থীদের উদ্ধার করে নিচে নামিয়ে আনেন এবং আগুন নেভান। এ সময় হুড়োহুড়িতে অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকরা বাড়ি নিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্কুলের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন বলেন, শর্ট সার্কিটে আগুন লাগার পর স্থানীয় কয়েকজন ইলেকট্রিককর্মী খবর পেয়ে বৈদ্যুতিক বোর্ডে তারের সব সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর তা নিয়ন্ত্রণে আসে। সে সময় ১ হাজার ২০০ শিক্ষার্থী স্কুলে ছিল।