বিশ্বকাপে অঘটন হচ্ছে। অফসাইডে গোল বাতিল হচ্ছে। তবে উন্মাদনা আর উত্তেজনার পারদ ঠিকই ছড়াচ্ছে। আজ রাত ১ টায় সার্বিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। কাগজে-কলমে নেইমাররা এগিয়ে থাকলেও অঘটনে হাড় কাঁপিয়ে দিয়েছে। তবুও বাংলাদেশ জাতীয় দলের স্ট্রাইকার সুমন রেজা এগিয়ে রেখেছেন ব্রাজিলকেই।
দেশ রূপান্তরের বিশ্বকাপের বিশেষ আয়োজন আজকের প্রেডিকশনে অতিথি হয়ে লাইভে যুক্ত হয়েছিলেন। এসময় তিনি বলেন, বিশ্বকাপে তো ব্রাজিলকে অবশ্যই ফেভারিটের তালিকায় রয়েছে। নেইমারের পারফরম্যান্স বিবেচনায় তো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে রাখতেই হবে। তারা টানা ১৪ ম্যাচ ধরে অপরাজিত। পাশাপাশি তারা শেষ ৫ ম্যাচেও যেভাবে জিতেছে তাতে তিতের শিষ্যদের পিছিয়ে রাখার কোনো কারণ নেই। তাছাড়া প্রতিপক্ষ সার্বিয়ার চেয়ে কাগজে কলমে এগিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি। তাই আজ ম্যাচে তারাই জিতবে।
এবারের বিশ্বকাপটা যেন অঘটনের। শুরুতেই আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছে সৌদি আরব। লিওনেল মেসিরা অপরাজিত ছিলেন টানা ৩৬ ম্যাচ। তাদের জয়রথ থামিয়ে ৩ পয়েন্ট নিয়ে গেছে আরব দেশটি। আজও যদি এমন অঘটন হয়?
এই বিষয়ে সুমন রেজা বলেন, বিশ্বকাপ অনেক বড় একটা বিষয়। এখানে প্রতিযোগিতা হয় সামান সমান। সেরা দলগুলোই আসে এই টুর্নামেন্টে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। এর মধ্যে কেউ যদি প্রতিপক্ষকে হালকাভাবে নেয়, তাহলেই হোঁচট খেতে হবে।