নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ভোর ৪টায় চাষাড়া জামতলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিক বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্তত ৩০ জন যাত্রী নিয়ে রাজশাহী থেকে ফতুল্লার পঞ্চবটি ফিরছিলো সিংড়া এ্যালিগেন্স নামের একটি বাস। আর পঞ্চবটি থেকে চাষাঢ়ায় যাচ্ছিল বালুবাহী ট্রাক। ভোর রাত ৪টায় জামতলা এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি বেপরোয়া গতিতে চালিয়ে বাম দিক থেকে গিয়ে বাসের ডানপাশে ধাক্কা দেয়। এতে ট্রাক ও বাসের সামনের অংশ মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এসময় উভয় গাড়ির চালকরা দ্রুত পালিয়ে যায়। তখন ট্রাকের ভিতর আটকা পড়েন হেলপার রাকিব এবং বাসের ভিতর আহত হয় অন্তত ৩০ জন যাত্রী।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রেজাউল হক দীপু জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করেছে। আহত হয়েছে কিছু যাত্রী তবে নিহতের খবর পাইনি। গাড়ি দুটি আটক করা হয়েছে।