কেরানীগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জের হাসনাবাদ, তেঘরিয়া ও ইকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ, ইকুরিয়া ও তেঘরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৯৭ লাখ টাকা মূল্যের ৯৭০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো মো. সালাউদ্দিন (৪৫), মো. আব্দুল আলিম (৪০) ও মো. ফয়সাল করিম (৩৪)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা র‌্যাবকে জানিয়েছে, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেট কারযোগে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।