সাফল্যের পালকে নতুন মুকুট রোনালদোর

সাফল্যের পালকে নতুন এক মুকুট যুক্ত হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ঘানার বিপক্ষে গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে পর্তুগালের জার্সিতে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ১১৮! রেকর্ড গড়া রাতে ‘মোস্ট ভ্যালুয়েবল’ খেলোয়াড়ও হয়েছেন রোনালদো। শুধু তাই নয়, টানা পাঁচ বিশ্বকাপ খেলে সব আসরে গোল করার গৌরব এখন শুধুই তার। ২০০৬ থেকে ২০২২- প্রতিটি বিশ্বকাপেই গোল করে অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

ঘানার বিপক্ষে ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টি থেকে রেকর্ড গড়া গোলটি করেন রোনালদো। ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে একটি গোল করেছিলেন রোনালদো। গ্রুপ পর্বে ইরানের বিপক্ষে পেয়েছিলেন প্রথম গোলের দেখা। ২০১০ বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া এবং ২০১৪ বিশ্বকাপে ঘানার বিপক্ষে করেছিলেন একটি করে গোল। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আলো ছড়িয়ে করেন চারটি গোল। স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক এবং মরক্কোর বিপক্ষে করেন একটি গোল।

চারটি বিশ্বকাপে গোল করে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, জার্মানির তারকা মিরোস্লাভ ক্লোসা ও উয়ি সিলার এবং আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির পাশে ছিলেন রোনালদো। গতকাল ঘানার বিপক্ষে গোল করে সবাইকে ছাড়িয়ে নতুন চূড়ায় পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮-এর পর কাতারে গোলের খাতা খুললেন রোনালদো। ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৭০—টানা চার বিশ্বকাপে গোল করেছিলেন কিংবদন্তি পেলে ও জার্মানির সিলার। ২০০২, ২০০৬, ২০১০ ও ২০১৪ আসরে গোল করেন জার্মানির আরেক তারকা মিরোস্লাভ ক্লোসা।

২০০৬, ২০১৪ ও ২০১৮ আসরের পর কাতারের আসরে সৌদি আরবের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে গোল করে এই তালিকায় নাম লেখান মেসি। বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বেশি বয়সে গোল করার রেকর্ডও এখন রোনালদোর দখলে। ৩৭ বছর ২৯২ দিনে বিশ্বকাপের অষ্টম গোলটি পেলেন তিনি। বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড ক্যামেরুনের রজার মিলারের দখলে। ১৯৯৪ বিশ্বকাপে ৪২ বছর ৩৯ দিনের মাথায় গোল করেছিলেন তিনি।