গোপালগঞ্জে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি খালিদ ফকিরকে (৩৫) গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ থানা-পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খালিদ ফকির গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নতুনচর গ্রামের বাবুল ফকিরের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল সাংবাদিকদের জানান, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর খালিদ ফকির ও তার সঙ্গীরা অটোবাইক ভাড়া নেয়ার কথা বলে জাহিদুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করে। এরপর ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় লাশ ফেলে অটোবাইকটি নিয়ে যায়। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে খালিদ, রাজ্জাক, হাসান, দিপুল ও ফসিয়ারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। জাহিদুল সদর উপজেলার গোলাবাড়ীয়া গ্রামের নজরুল মোল্যার ছেলে।
চাঞ্চল্যকর এই হত্যা মামলার সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে বিচারিক কার্যক্রম শেষে গোপালগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত আসামি খালিদ ফকিরসহ ৫ আসামিকে গত বছরের ২৫ নভেম্বর মৃত্যুদণ্ড প্রদান করেন। আসামিরা রায় ঘোষণার সময় থেকে পলাতক ছিলেন।
গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল আরও জানান, তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। পরে গোপালগঞ্জ সদর থানার এসআই রাসেল আহমেদ ও আশুলিয়া থানা-পুলিশের সহযোগিতায় আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করে। তাকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।