মোটরসাইকেল চালুর দাবিতে পদ্মা সেতুর প্রান্তে মানববন্ধন

পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চালুর দাবিতে সেতুর মাওয়া প্রান্তে মানববন্ধন করেছে বাইকাররা। শুক্রবার মাওয়া চৌরাস্তায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

'পদ্মা সেতুতে বাইক চালুর দাবি জানাই' ও 'বাংলাদেশ সচেতন বাইকার ক্লাব' নামক দুটি ফেসবুক গ্রুপের আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় ৫০ জন বাইকারসহ ৭০ থেকে ৮০ জন সাধারণ সদস্য অংশ নেন।

পদ্মা সেতুর ওপর যান চলাচল শুরুর দিন দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর পর পদ্মা সেতুতে মোটরসাইকেলের ওঠা নিষিদ্ধ করা হয়।

মানবন্ধনে উপস্থিত 'পদ্মা সেতুতে বাইক চালুর দাবি জানাই'র অন্যতম অ্যাডমিন শাহাদাত হোসেন সুমন বলেন, আমার বাড়ি দক্ষিণাঞ্চলে, স্বপ্নের পদ্মা সেতু দিয়ে আমরা জরুরি প্রয়োজনে ঢাকায় যাতায়াত করে ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার আশা করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমাদের ভোগান্তি আরও অনেক বেড়ে গেল। পদ্মা সেতু এবং এক্সপ্রেসওয়েতে চলাচল করতে না পারায় জরুরি প্রয়োজনের ক্ষেত্রেও আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই আমরা চাই অবিলম্বে পদ্মা সেতু এবং এক্সপ্রেসওয়েতে বাইক চালু করে দেওয়া হোক।'

'বাংলাদেশ সচেতন বাইকার ক্লাব'-এর অ্যাডমিন জোবায়ের হোসেন বলেন, দুর্ঘটনার অন্যতম কারণ অজ্ঞতা, মূর্খতা। যারা আইন মেনে চলেন এবং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখেন, কর্তৃপক্ষের উচিত এমন বাইকারদের পদ্মা সেতু ব্যবহারের অনুমতি দেওয়া। এটি দুর্ঘটনা কমাতে সাহায্য করবে। সেতুতে ক্যামেরা বসানো হোক, স্পিড মাপার যন্ত্রের ব্যবস্থা করা হোক, আরো নিয়ম কানুন তৈরি করা হোক। তার পরেও বাইকারদের পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হোক।'

মানববন্ধনে অংশগ্রহণকারী সদস্যরা অবিলম্বে পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।