‘কখনো ভাবিনি পুরস্কার পাব’

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবল। তাতে মাতোয়ারা সারা দুনিয়া। ফুটবল জ্বরের উত্তাপ দেশ রূপান্তরেও। প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে কুইজ ‘ড্র’। ভাগ্যবান উত্তরদাতারা জিতে নিচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। গতকাল শুক্রবারও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রতিদিনের কুইজ ড্র ও পুরস্কার প্রদান। গতকাল অতিথি ছিলেন বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী। 

বসুন্ধরা কিংস-দেশ রূপান্তর প্রতিদিনের কুইজের বৃহস্পতিবারের পুরস্কার জিতেছে মো. নূর হোসেন মুন্না। তিনি পাবেন একটি ট্যাব। শনিবার সন্ধ্যায় তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে দেশ রূপান্তর কার্যালয়ে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশ রূপান্তরের কার্যালয়ে পঞ্চম দিনের কুইজ ড্র অনুষ্ঠিত হয়। দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিনের উপস্থাপনায় অতিথি ছিলেন বরেণ্য অভিনেতা ও পরিচালক নাদের চৌধুরী।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে আসা পুরস্কার বিজয়ী মো. সোহেল মিঞার হাতে পুরস্কার তুলে দেন তিনি। এসময় প্রতিক্রিয়ায় বিজয়ী বলেন, ‘প্রথম দিন থেকেই কুইজে অংশগ্রহণ করছি আমি। কখনো ভাবিনি পুরস্কার পাব। দেশ রূপান্তরের এই আয়োজন দারুণ সাড়া ফেলেছে, আমি খুবই খুশি আমার প্রিয় অভিনেতার হাত থেকে পুরস্কার নিতে পেরে।’

পুরস্কার দিয়ে ড্র’র শুক্রবারের বিজয়ী নির্ধারণ করতে কুপন তোলেন অভিনেতা নাদের চৌধুরী। তিনি বলেন, ‘এমন সাড়া জাগানো আয়োজন করে দেশ রূপান্তর একটি উদাহরণ তৈরি করেছে। এত এত কুইজে অংশ নেওয়া মানুষের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাই দেশ রূপান্তরকে সবসময় খেলাধুলা ও সংস্কৃতির সঙ্গে থাকার জন্য।’  

সংক্ষিপ্ত এ আয়োজনে দেশ রূপান্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুগ্ম বার্তা সম্পাদক জুয়েল মোস্তাফিজ, ফিচার কো-অর্ডিনেটর মোহসীনা লাইজু, প্রশাসন বিভাগের কর্মকর্তা ইউসুফ কবির, বিনোদন বিভাগের ইনচার্জ মাসিদ রণ, আইটি অ্যান্ড ওয়েবের সিনিয়র কম্পিউটার প্রোগ্রামার প্রণয় কুমার ঘোষ এবং ইভেন্টসের মাসুমা মুশরাত শৈলী। পুরো আয়োজনের ভিডিও দেখা যাবে দেশ রূপান্তরের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।