রাজধানীতে বাসের ধাক্কায় নারী নিহত আহত সঙ্গের শিশু

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় বসুমতী পরিবহনের বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম কুলসুম বেগম (৬৫)। এ ঘটনায় ওই নারীর সঙ্গে থাকা ৫-৬ বছরের এক শিশু রাস্তায় ছিটকে পড়ে আহত হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ওসি মুন্সী সাব্বির আহম্মেদ জানান, গতকাল সকালে কুলসুম বেগম এক শিশুসহ ইসিবি চত্বর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বসুমতী পরিবহনের একটি বাস এসে তাদের ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই কুলসুম বেগমের মৃত্যু হয় এবং শিশুটি ছিটকে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থল থেকে ওই নারীর জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। তার নাম কুলসুম বেগম, বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ।

ওসি আরও জানান, আহত শিশুটিকে কুর্মিটোলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পরপরই বসুমতী বাসটিকে জব্দ এবং চালককে আটক করা হয়।