সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া ঢাকায় বড় সমাবেশ সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এজন্য বিএনপিকে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
শনিবার (২৬ নভেম্বর) দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২২ এর উদ্বোধন উপলক্ষে ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তারা নয়াপল্টনেই সমাবেশ করবে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার কারো কথা শুনতে বাধ্য নয়।
তাছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপিই চেয়েছে। ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানই উপযুক্ত মনে করেছেন। এজন্য বিএনপিকে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, সরকার সবচেয়ে যেখানে ভালো, সেখানেই অনুমতি দেয়। তারা পল্টনে সমাবেশ করবে এমন কোনো অফিসিয়াল অনুমতি এখনো আসেনি। বিএনপি আমাদের কাছে আসছিল। তারা তিনটি জায়গার কথা বলেছিল। তার মধ্যে একটি ছিল সোহরাওয়ার্দী উদ্যান।
সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনাদের কাছেই আমার জিজ্ঞাসা। এত বড় গ্যাদারিং কোথায় তারা করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে। সংসদ ভবনের সামনে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না।
আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার আল ইসলামের সামরিক শাখা প্রধান ও একাধিক মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর (বহিষ্কৃত) জিয়া কৌশলে লুকিয়ে আছেন, তাই ধরা যাচ্ছে না।
তিনি বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট শিগগিরই পাওয়া যাবে। খুব দ্রুতই পালিয়ে যাওয়া জঙ্গিদের লোকেশন পাওয়া যাবে বলেও দাবি করেন তিনি।