বগুড়ায় নিজ ঘরে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির রক্তাক্ত লাশ

বগুড়ায় জামাল উদ্দিন খাজা (৫৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের বৃন্দাবন পূর্বপাড়া এলাকায় খাজার নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খাজা ওই এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি ফুয়াং ফুডসের পণ্য পৌঁছে দেয়ার কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি নূরে আলম।

স্থানীয় প্রতিবেশীরা জানান, শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে নিহত জামালের স্ত্রী ও ছেলে রিমন গোকুল এলাকায় জামালের শ্বশুর বাড়িতে একটি ওরস মাহফিলে বেড়াতে যান।

এরপর জামাল সন্ধ্যার পরপর বাইরে বাসায় এসে শুয়ে পড়েন। শনিবার সকাল সোয়া ৮টার দিকে নিহতের ছেলে রিমন নানি বাড়ি থেকে বাসায় এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করলে ভেতর থেকে জামালের কোনো সাড়া শব্দ পাননি। পরে বাড়ির পেছনের প্রাচীর দিয়ে ভেতরে ঢুকে দেখেন তিনি কম্বল গায়ে শুয়ে আছেন। কম্বল সরিয়ে দেখেন মাথায় আঘাতের চিহ্ন ও রক্তাক্ত।

পুলিশের প্রাথমিক ধারণা, তাকে গতরাতে কেউ হত্যা করেছে, তার মাথার ডান পাশে কেউ পাথর দ্বারা আঘাত করে হত্যা করেছে।

বগুড়া সদর থানার ওসি নূরে আলম জানান, তদন্তের স্বার্থে এখনো কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছেন। সিরাজগঞ্জ সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।