নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় ডেমরা থানার উপপরিদর্শক সবুজ মিয়া (৩১) নিহত হয়েছেন।
শনিবার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধারকারী পথচারী রুবেল মিয়া জানান, সকালে নরসিংদী শিবপুরের আমতলা জুটমিল সংলগ্ন মেইন রোডে মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাকে। পরে প্রথমে তাকে সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পুলিশের সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
তিনি জানান, কোন গাড়ির ধাক্কায় নাকি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে তা কেউ জানাতে পারেনি।
ডেমরা থানার ইন্সপেক্টর (তদন্ত) ফারুক মোল্লা জানান, সবুজ মিয়া উপপুলিশ পরিদর্শক। বর্তমানে ডেমরা থানায় কর্মরত রয়েছেন। তার বাড়ি নরসিংদীর বেলাবো উপজেলার খামারের চর গ্রামে। বাবার নাম সিরাজ মিয়া। থাকতেন থানার কোয়ার্টারে। শুক্রবার রাতে রাত্রীকালিন ডিউটি ছিলো তার। সকালে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।