জামালপুরে সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নে ভাঙা সেতু সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। 

শনিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার শুয়াকৈর ঝিনাই নদীর ভাঙা সেতুর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন কামরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম, সাংবাদিক জাকারিয়া জাহাঙ্গীর, আলহাজ তালেব উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সেতুর নিচ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে ও পানির স্রোতে ২০২০ সালের বন্যায় সেতুটির মাঝখানে ভেঙে যায়। সেতুটি ভেঙে যাওয়ায় উপজেলার প্রায় ২০টি গ্রাম ও পার্শ্ববর্তী মাদারগঞ্জ উপজেলার লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে।

বর্ষাকালে নৌকা ও শুকনা মৌসুমে স্বেচ্ছাশ্রমে কাঠের সেতু নির্মাণ করে চলাচল করতে হয়। এতে কৃষকের উৎপাদিত কৃষিপণ্য এবং শিক্ষার্থীদের যাতায়াতে বেশি ভোগান্তির সৃষ্টি হয়।

বারবার বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোনো প্রতিকার পায়নি বলে বক্তারা জানান।

দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও ভাঙা সেতুটি সংস্কার করা হয়নি। বক্তারা দ্রুত সেতুটি সংস্কারের দাবি করেন তারা।

উল্লেখ্য, উপজেলা প্রকৌশল অধিদপ্তর ২০০৬ সালে শুয়াকৈর-হুদুর মোড় এলাকায় ঝিনাই নদীর ওপর ২শ মিটার দৈর্ঘ্য একটি সেতু নির্মাণ করেন।