জেলা জজের আদালত বর্জনের কর্মসূচি আইনজীবী সমিতির

অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্ব্যবহার, কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ এনে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতের সার্বিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি। তাকে প্রত্যাহার না করা পর্যন্ত এই কার্যক্রম চলতে থাকবে বলে জানিয়েছেন আইনজীবী নেতারা।

শনিবার (২৬ নভেম্বর) বিকেলে সমিতির বিশেষ সাধারণ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

আইনজীবীরা জানান, তিন বছর আগে বান্দবান থেকে বদলি হয়ে কক্সবাজার আসেন মোহাম্মদ ইসমাঈল। দায়িত্ব গ্রহণের পর কিছুদিন সততার সাথে দায়িত্ব পালন করলেও ধীরে ধীরে নানান অনিয়ম ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে আদালত পরিচালনা শুরু করেন। পাশপাশি জেলা আইনজীবীদের বিষয়ে বিভিন্ন অনুষ্ঠানে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এছাড়া আইনজীবীদের সাথে নানা সময় দুর্ব্যবহার করেছেন মোহাম্মদ ইসমাঈল।

এ বিষেয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তাওহীদুল আনোয়ার বলেন, চলতি বছরের ১৪ জুলাই জেলা লিগ্যাল এইডের বৈঠকে জেলার সমস্ত আইনজীবিকে উদ্দেশ্যে করে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছিলেন বিচারক মোহাম্মদ ইসমাঈল। সেদিন তার প্রতিবাদ করে ভুলের জন্য ক্ষমা চাইতে বললেও তিনি তা কর্ণপাত করেননি।

তার এমন আচরণের বিষয়টি আমরা লিখিতভাবে, আইন মন্ত্রণালয়, প্রধান বিচারপতিসহ সংশ্লিষ্টদের জানিয়েছি। এমন দুর্ব্যবহারের পাশাপাশি নানা অনিয়ম ও স্বেচছাচারিতায় কারণে বাধ্য হয়েই তার আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (২৭ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হবে, যোগ করেন তাওহীদুল আনোয়ার।

সমিতির সভাপতি ইকবালুর রশিদ আমিন সোহেল বলেন, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী সাড়ে ৯টা থেকে আদালত চালু হয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলার নিয়ম রয়েছে। কিন্তু বিচারক ঈসমাইল এসব মানেন না। তিনি তার নিজের ইচ্ছায় আদালতে বসেন, আদালত চালান।

তিনি আরও বলেন, আমরা জানি মিস মামলার পরবর্তী তারিখ আদালতে প্রকাশ করা হয়। কিন্তু তিনি তা করেন না। তিনি ওইসব মামলা খাস কামরায় শুনানি করেন, জামিনও দেন। এছাড়া আদালতে দেওয়া আদেশে সই না করে তা খাস কামরায় রেখে দিয়ে বিচারপ্রার্থীদের হয়রানি করেন। এছাড়া তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। এসব কারণে জেলা সমস্ত আইনজীবীদের সিদ্ধান্ত মতে তার আদালত বর্জনের কর্মসূচি দেওয়া হয়েছে। তাকে প্রত্যাহার না করা পর্যন্ত এ কর্মসূচি চলতে থাকবে।

তবে এ ব্যাপারে  জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন।