সৌদি আরবকে কাতার বিশ্বকাপ মনে রাখবে। আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসের পাতায় তারা উঠে গেছে। সমর্থকদের বাহবার পাশাপাশি ফুটবল দর্শকদের কণ্ঠেও শোনা গেছে প্রশংসার বাণী। তবে আরব দেশটিকে রবার্ট লেভানডোফস্কি আমৃত্যু মনে রাখবেন। নিজের দ্বিতীয় বিশ্বকাপ খেলতে এসে প্রথম গোলের দেখা পেয়েছেন এই পোলিশ তারকা। সেটাও মেসিদের বিপক্ষে মাঠজুড়ে দাপট দেখিয়ে বেড়ানো সৌদিদের বিপক্ষে।
লেভান নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসেছিলেন ২০১৮ সালে। রাশিয়াতে সেবার মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। কিন্তু ক্লাব ফুটবলে গোলের বান ছোটানো এই ফুটবলার সেবার কোনো গোলই করতে পারেননি। সেই খরা ঘোচানোর লক্ষ্যে কাতারে এসেছিলেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।
মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে সেই সুযোগও পেয়ে গিয়েছিলেন তিনি। প্রথমার্ধে পেনাল্টি পেয়ে যান। কিন্তু সেটা ওচোয়ার দারুণ গোল রক্ষণ নৈপুণ্যে সেটা পরাস্ত হয়। ফলে গোল বঞ্চিত হন লেভানডোফস্কি। অপেক্ষা হয় দীর্ঘ। তবে খুব বেশি লম্বা হয়নি। পরের ম্যাচেই এলো সে সুযোগ।
কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মুখোমুখি হয় পোল্যান্ড। আগের ম্যাচের জয়ের উপহার হিসেবে আজই সৌদি যুবরাজ তাদের রোলস রয়েস দেবেন বলে ঘোষণা দেন। এমন উপঢৌকন পাওয়ার দিনে উৎসাহিতই হওয়ার কথা ফুটবলারদের। যুবরাজেরও উদ্দেশ্য ছিল সেটি। জিতলেই যে রাউন্ড-১৬তে খেলা নিশ্চিত হয়ে যেত।
কিন্তু পোল্যান্ডের কাছে এই ম্যাচটি তারা হেরে গেছে ২-০ গোলে। যার দ্বিতীয়টি করেন পোলিশ অধিনায়ক রবার্ট লেভানডোফস্কি। ৮২ মিনিটের সময় তার পায়ে বল জড়ায় সৌদির জালে। বিশ্ব মঞ্চে প্রথম গোলের স্বাদ পাওয়ার দিনে তিনি স্পর্শ করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলেকে। আন্তর্জাতিক ফুটবলে যে লেভার গোল এখন পেলের সমান ৭৭টি।
শুধু কি এসব। লেভাকে বলা হয় ছোট দলের বড় তারকা। ক্লাব ফুটবলে যেমন তার ছন্দ দেখা যায়, সেটা জাতীয় দলে প্রদর্শন করতে পারেন না। তার তুলনায় এগিয়ে ব্রাজিলের আরেক তারকা নেইমার। সেই নেইমারও তার আরও পেছনে পড়ে গেলেন। নেইমারের গোল সংখ্যা যে এখনও ৭৫টি।
পোল্যান্ডের জন্য এটি হয়ে গেছে গ্রুপ অব ডেথ। সমীকরণটাও এখানে এমনই। শেষ পর্যন্ত রাউন্ড ১৬ তে যেতে হলেও রয়েছে অনেক হিসেব নিকেশ। কিন্তু শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও লেভানডোফস্কি মনে রাখবেন কাতার বিশ্বকাপকে, যেমনটি রাখবে সৌদিরা। তেমনি সৌদি আরবকে মনে রাখবেন লেভান।