ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ৯ মাসে গড়িয়েছে। এই যুদ্ধে রাশিয়ার অনেক সৈন্য নিহত হয়েছে এবং এখনো লড়াই চালিয়ে যাচ্ছে বহু সেনা। গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নিহত ও যুদ্ধরত রুশ সেনাদের মায়েদের সঙ্গে বৈঠক করেন। আলোচনার শুরুতে তিনি বলেন, ‘সন্তান হারানোর কষ্ট অন্য কিছু দিয়ে পূরণ হওয়ার নয়। আপনাদের ব্যথা আমরা অনুভব করতে পারছি।’
সমালোচক ও পশ্চিমা গণমাধ্যম বলছে, এসব অভিভাবকের মধ্যে বেশ কয়েকজন ক্রেমলিনপন্থি আন্দোলনের সদস্য। সভার জন্য তাদের সাবধানে বেছে নেওয়া হয়। এদিকে ইউক্রেনে পুতিনের অভিযান নিয়ে রাশিয়ায় ক্রমাগত বিরোধিতা বাড়ছে। সেনাদের মায়েদের কেউ কেউ প্রকাশ্যে অভিযোগ করে বলেছেন, তাদের ছেলেদের সামান্য প্রশিক্ষণ দিয়ে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের পর্যাপ্ত অস্ত্র দেওয়া হয়নি। এমনকি শীতকালে যুদ্ধ করার মতো পর্যাপ্ত গরম কাপড়ও দেওয়া হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল মার্ক মিলি জানিয়েছেন, যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়া-ইউক্রেনের অন্তত ২ লাখ সেনা হতাহত হয়েছে।