বরিশালে ১০ দফা কর্মবিরতিতে যাচ্ছেন নৌযান শ্রমিকরা

নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক প্রদানসহ ১০ দফা দাবি এবং গতকাল শনিবার রাত ১২টা থেকে সারা দেশে কর্মবিরতি সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নৌযান শ্রমিকরা।

গতকাল শনিবার বেলা ১১টায় বিভাগীয় নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে বরিশাল নদীবন্দর থেকে  বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ করে। পরে পুনরায় বিক্ষোভ মিছিল করে নৌবন্দরে যায়। সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক একে আযাদ, শ্রমিক জোটের সমন্বয়কারী মোজাম্মেল সিকদার প্রমুখ। এসময় নজরুল ইসলাম বলেন, ১০ দফা দাবি আদায় না হলে রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে নৌযান শ্রমিকরা।