চমকের বিশ্বকাপ তার চমক নিয়ে হাজির হচ্ছে প্রতি ম্যাচে। আগের ম্যাচের হোঁচট খাওয়ার দল পরের ম্যাচে ঘুরে দাঁড়াচ্ছে দারুণভাবে। সঙ্গে থাকছে জয়ীদের পতন। এই উত্থান-পতনে প্রতি গ্রুপেই উন্মুক্ত হয়ে উঠছে চার দলের শেষ ১৬-তে যাওয়া। ইরান, অস্ট্রেলিয়া, পোল্যান্ড এবং অবশ্যই আর্জেন্টিনার পর কাল ঘুরে দাঁড়ানোর গল্প লিখল কোস্টারিকা। জার্মানিকে হারিয়ে উড়তে থাকা জাপানকে ১-০ গোলে হারাল তারা। আগের ম্যাচে স্পেনের কাছে ৭ গোল হজমের কালিমা মুখে দারুণভাবে বিশ্বকাপে ফিরল ২০১৪ আসরের কোয়ার্টার ফাইনালিস্টরা। একইসঙ্গে ব্লা সামুরাইদের শেষ ১৬’র স্বপ্ন ঘোলাটে করে দিয়ে জার্মানদের মুখে হাসি ফোটাল। এই ম্যাচে জাপান জিতলে খুব কঠিন হতো চার বারের বিশ্ব চ্যাম্পিয়নদের দ্বিতীয় রাউন্ড যাত্রা। তা হয়নি, উল্টো কেইলর নাভাসরা এখন তাদের একটি ‘লাইফ লাইন’ দিয়ে দিল।
ই গ্রুপের সমীকরণ এখন পুরো ভিন্ন। জার্মানি বাদে বাকি তিন দলের ৩ পয়েন্ট হয়েছে। দ্বিতীয় রাউন্ডে যেতে পারে তিন দলই। এদিক থেকে অলিখিত ফাইনালের মতো হয়ে গেছে স্পেন-জাপান লড়াই। যে জিতবে সেই যাবে দ্বিতীয় রাউন্ড। ওদিকে জার্মানির প্রতিপক্ষ কোস্টারিকা পিছিয়ে থাকবে গোল ব্যবধানে। ৭ গোল হজম ও বিপক্ষকে ১ গোল দেওয়ায় ৬ গোলের পার্থক্য তাদের। এই সুযোগ নিতে পারে জার্মানি। শেষ ম্যাচে স্পেন কোনো গোল হজম না করে জাপানকে হারালে আর জার্মানরা ১-০ গোলে জিতলেই দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন চলে যাবে পরের রাউন্ডে। অবশ্য এত হিসাব ভেস্তে যাবে কাল রাতে স্পেনের কাছে জার্মানি হেরে গেলে। স্প্যানিশদের কাছে হারলে এমনিতেই বিদায় নিতে হবে তাদের। তখন শেষ ম্যাচে স্পেনদের গোলশূন্য ড্রতে আটকে দিলেও চলবে জাপানের।
কোস্টারিকার বিপক্ষে অবশ্য গোলপোস্ট অক্ষত রাখতে পারেনি সামুরাইরা। গত ম্যাচের একাদশে ৫ বদল এনে এই ম্যাচে নেমেছিল সহজ প্রতিপক্ষ ভেবে। কিন্তু কোস্টারিকা আগের ভুল থেকে শিক্ষা নিয়ে গোলপোস্ট আগলে রাখে দারুণভাবে। প্রথমার্ধে স্পষ্ট গোলের সুযোগ হয়নি কোনো দলের। দ্বিতীয়ার্ধে আগের ম্যাচে জয়সূচক গোল করা তাকুমা আসানোকে নামিয়ে আক্রমণের ধার বাড়ায় জাপান। কিন্তু গোলের দেখাই পায়নি। শেষ ২০ মিনিট পুরোটা সময় ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে তারা। কিন্তু গোলের খেলা ফুটবলে গুরুত্বপূর্ণ গোলটা পেয়ে যায় কোস্টারিকা। ৮১ মিনিটে কেইশার ফুলারের ডি বক্সের ভেতর থেকে নেওয়া শট জাপান ফুটবলারের গায়ে লেগে পোস্টের ওপর ঘেঁষে জালে জড়ায়। এ গোলেই দ্বিতীয় ম্যাচে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া এড়ায় কোস্টারিকা।
২০১৪ আসরে নিজেদের সেরা সাফল্যে গ্রুপে ইংল্যান্ড, উরুগুয়ে ও ইতালিকে টপকে গ্রুপ সেরা হয়েছিল কোস্টারিকানরা। এবার জায়ান্টবধ নয়, একদলকে বাঁচাল। অবশ্য শেষ ম্যাচে তো জার্মানদের সঙ্গেই লড়াই তাদের।