হামলার শিকার বিএনপি নেতা শাহাজাহান খান মারা গেছেন

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক সংসদ সদস্য এবং পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সোমবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

শায়রুল কবির খান জানান, সকালে বিএনপি নেতা শাহজাহান খান মারা গেছেন। তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজাহান খানের মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

এর আগে, গত ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ যাওয়ার পথে শুক্রবার (৪ নভেম্বর) রাতে পটুয়াখালী-বরিশাল সড়কের তেলিখালী এলাকায় শাহজাহান খান এবং তার সঙ্গে থাকা নেতা-কর্মীরা হামলার শিকার হন। এতে গুরুতর আহত হন শাহজাহান খান। তিনি গত ২৪ দিন চিকিৎসাধীন ছিলেন।

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংসু সরকার কুট্টি বলেন, বরিশালের গণসমাবেশে যোগ দিতে গিয়ে ৪ নভেম্বর রাতে হামলার শিকার হন শাহজাহান খান। এতে তার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরিবারের সঙ্গে কথা বলে জানাজার সময় জানানো হবে বলে জানান।