ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় এসএম রাব্বি (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রোববার (২৭ নভেম্বর) ফরিদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার। 

এসএম রাব্বি গোয়ালন্দের উজানচর ইউনিয়নের দারাপেরডাঙ্গি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। 

পুলিশ জানায়, গত ২১ জুন এনটিভি অনলাইন নিউজে পোর্টাল ফেসবুক পেইজে ‘আজ বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি সংবাদ পোস্টে করা হলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর মন্তব্য করে। এ সংক্রান্তে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের এসআই শাহিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এরপর থেকে পলাতক ছিলেন তিনি।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তার রাব্বি বেসরকারি অনলাইন নিউজ পোর্টাল এনটিভির একটি সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মানহানিকর মন্তব্য করলে বিষয়টি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। তারপর থেকেই তিনি পলাতক থাকেন। 

গত ২৭ নভেম্বর গোয়ালন্দঘাট থানা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফরিদপুরে শনাক্ত করে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামিকে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।