জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোটেট মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, আমাদের কোনও পক্ষ নেই, পক্ষ একটিই সেটি জাতীয় পার্টি, যার চেয়ারম্যান জিএম কাদের। আর বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ। তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক।
সোমবার (২৮ নভেম্বার) বিকেলে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদের সঙ্গে দ্বন্দ্বের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আমাদের কোনও দ্বন্দ্ব নেই, তাকে (রওশন এরশাদ) আমরা পার্লামেন্টে বিরোধী দলীয় নেত্রী বানিয়েছি। যে সংকটটি হয়েছে তা জাতীয় পার্টির না, সংকটটি তাদের (রওশন এরশাদ-জিএম কাদের)। তারা সম্পর্কে আপন দেবর-ভাবি। বিষয়টি পারিবারিকভাবে বসলে মিটে যাবে। দলীয়ভাবে কোন সংকট নাই।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপাসহ দলটির স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে শেখ আজহার হোসেনকে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি ও আশরাফুজ্জামান আশুকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন মহাসচিব চুন্নু।