কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে ইরান ও যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনে চিরবৈরী দুই দেশের ফুটবল দল মাঠে নামার আগেই ছড়িয়েছে উত্তেজনা। এ উত্তেজনার উৎপত্তি ইরানের পতাকার বিকৃত ছবি প্রকাশ নিয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান-যুক্তরাষ্ট্র ম্যাচ নিয়ে রবিবার ফেইসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে একটি পোস্ট করে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। কিন্তু সেই পোস্টে তারা ইরানের আসল পতাকার বদলে মাঝের প্রতীকহীন বিকৃত একটি পতাকার ছবি প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানে যেসব নারী হিজাববিরোধী বিক্ষোভ করছেন তাদের প্রতি সমর্থন জানাতে ইরানের পতাকা থেকে ইসলামিক প্রতীক বাদ দিয়েছে তারা। কিন্তু এ রকম বিকৃতিতে ভীষণ ক্ষুব্ধ হয়েছে তেহরান। তারা ফিফার কাছে সরাসরি অভিযোগ জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা তাদের প্রতিবেদনে জানিয়েছে, অপেশাদারিত্বের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের পেজে প্রতীকটি বাদ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে ইরানিয়ান ফুটবল ফেডারেশন ফিফার কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্কতা বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছে।